পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ টাকা
পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরিয়ে এনেছে নতুন জাতের পেঁয়াজ মুড়িকাটা ও গ্রীষ্মকালীন জাতের পেঁয়াজ। এ পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে কেজিতে ৪০ টাকা। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজারে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা, আমদানি করা পেঁয়াজ ১৮০ টাকা এবং দেশি পেঁয়াজ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগের দিন মুড়িকাটা পেঁয়াজ ১৪০ টাকা, আমদানি করা পেঁয়াজ ২১০ টাকা ও দেশি পেঁয়াজ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫ লাখ ৭১ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৫ হাজার টন বেশি।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তাই অস্বাভাবিক দাম বাড়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, আগের এলসি অনুযায়ী ভারত থেকে প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে আসছে। এছাড়া বাজারে ওঠা নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাই এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে