Views Bangladesh Logo

রামপালের এক ইউনিট বন্ধ, অর্ধেক কমেছে বিদ্যুৎ উৎপাদন

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

রোববার দুপুরে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

তিনি বলেন, বিভ্রাটের আগে রামপাল কেন্দ্র থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

জহুরুল ইসলাম বলেন, ‘ভারতের আদানি থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের দুই নম্বর ইউনিটটি বন্ধ করা হয়েছে।’

ইউনিটটি কবে নাগাদ চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ইউনিট বন্ধ করার পর সেটিকে ঠান্ডা করতে হয়। ভারত থেকে দুজন প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা আসার পর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে।

তিনি বলেন, ‘পুনরায় চালু হতে তিন থেকে চার দিন সময় লেগে যাবে বলে ধারণা করছি।’

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। তবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সর্বোচ্চ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

একটি ইউনিট চালু থাকলে ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ