Views Bangladesh Logo

পদ্মায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, নিখোঁজ একজন

পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীতে লালন শাহ সেতুর পিলারে নৌকা ধাক্কা খেয়ে নিখোঁজ হয়েছেন একজন। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নৌকায় থাকা বাকি দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে লালন শাহ সেতুর দিকে যাওয়ার পথে নৌকাটি সেতুর একটি পিলারে ধাক্কা খায়। এতে নৌকায় থাকা তিন যাত্রীই নদীতে ছিটকে পড়েন।

খবর পেয়ে নদী পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এ পর্যন্ত দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন আরও একজন। তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ ও উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে রকি, একই এলাকার বিদ্যুতের ছেলে লিটন এবং ওহাব।

লক্ষ্মীকুন্ডা নদী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, পর্যটকবাহী নৌকাটি সেতুর পিলারে ধাক্কা খেলে তিন যাত্রীই পানিতে পড়ে যান। তিনি বলেন, “দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নদী পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান চলছে।”

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ