‘ওয়ান লাভ’ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
'ওয়ান লাভ' সিরিয়ালে ইশিল চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া তুর্কি অভিনেত্রী এজে ইর্তেম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। এজে ইর্তেমের মা নুরিয়ে ইর্তেম জানান, রোববার বিকেলে বাসার পাশে একটি ভেন্যুতে জন্মদিনের আয়োজনে অংশ নেন মা ও মেয়ে। রাত ২০টা ৩৬ মিনিটে তারা বাসায় ফেরেন। পরদিন সকালে নাশতার জন্য মেয়েকে ডাকলে কোনো সাড়া পাননি।
নুরিয়ে ইর্তেম বলেন, 'আমি তার ঘরে ঢুকে দেখি মুখ থেকে অস্বাভাবিক ধরনের তরল বের হচ্ছিল। রাতে তিনি অনেক অ্যালকোহল পান করেছিলেন এবং শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও সেবন করেছিলেন।'
এজে ইর্তেম আত্মহত্যা করেছেন কি না তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে তাঁর আইনজীবী প্রাথমিকভাবে ধারণা করছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার গুঞ্জনও নাকচ করেছেন আইনজীবী।
ইজমির শহরে এজে ইর্তেমের শেষকৃত্য ও সমাহিত করা হবে।
১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাস শহরে জন্ম নেওয়া এজে ইর্তেম ইয়াশার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ২০১৪ সালে 'কাচাক গেলিনলার' সিরিয়াল দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে 'ও হায়াত বেনিম', 'শেরেফ মেসেলেসি'সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। 'ওয়ান লাভ'-এ ইশিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়ে দেশের উদীয়মান পর্দা-তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
মতামত দিন