Views Bangladesh Logo

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তাঁর বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

উল্লেখ্য, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। তবে এই দুই প্রার্থীকে পরাজিত করে আসনটি জয় করেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ