Views Bangladesh Logo

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা–দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছেন। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালাশুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর ও তার ভাই তমিজউদ্দিন (৬৫) যৌথভাবে বালাশুর এলাকায় ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। ওই জমি নিয়ে হান্নান হাজী, মানিক ও তাপসসহ কয়েকজন ব্যক্তি ওয়ারিশান সূত্রে মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। মামলায় ব্যর্থ হওয়ার পর অভিযুক্তরা নির্মাণাধীন মার্কেটটি দখলের চেষ্টা চালান।

সবশেষ মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা পুনরায় মার্কেট দখল করতে গেলে বাধা দেন আলমগীর। এ সময় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আলমগীরকে রক্ষা করতে এগিয়ে এলে তার পরিবারের আরও কয়েকজন সদস্যকেও মারধর করা হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসপাতালের গেটের সামনেই দ্বিতীয় দফা হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান।

এই ঘটনায় তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)-সহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয়রা ঢাকা–দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে বালাশুর এলাকায় হান্নান হাজীর মার্কেটের সামনে অগ্নিসংযোগ করা হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ