যমুনা সেতুতে বাসের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, যান চলাচল বন্ধ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে সেতুর পশ্চিম পাড়ে, সিরাজগঞ্জ অংশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার দিকে যাওয়ার পথে একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। দুর্ঘটনার পর সেতুর ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেতু কর্তৃপক্ষ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ করছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর ওপর যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে