Views Bangladesh Logo

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলি, নিহত ১

সুন্দরবনে জলদস্যু ‘দুলাভাই বাহিনীর’ সদস্যদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনায় একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন সংলগ্ন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বনপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের গহিন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বোটে থাকা দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান।

অভিযান শেষে গুলিবিদ্ধ অবস্থায় তিনজন দস্যু সদস্যকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়।

কোস্টগার্ড জানিয়েছে, ওই এলাকায় তাদের অভিযান এখনো চলমান রয়েছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে স্বাভাবিক চলাচলের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দারা জানান, প্রায় ৪৫ মিনিট ধরে গুলির শব্দ শোনা যায়। অনেকে প্রথমে ধারণা করেছিলেন, দুই দস্যু বাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন, তিনি শতাধিক গুলির শব্দ শুনেছেন এবং অন্ধকারে আগুনের শিখাও দেখতে পেয়েছেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ময়দাফেসা খাল এলাকায় ঘটেছে। বর্তমানে সেখানে কোস্টগার্ড সদস্যরা অবস্থান করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ