Views Bangladesh Logo

রাজশাহীতে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

সংঘর্ষে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

ঘটনার পর থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে সন্ধ্যায়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মামামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ