চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সাজ্জাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর থানার হিরাকান্দা গ্রামের মো. আলমের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে বিরোধ বাধে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ ব্যানার টানান বোরহান। পরে বাদশার অনুসারীরা ব্যানারটি খুলে ফেলতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
উল্লেখ্য, এমদাদুল হক বাদশা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। কয়েক মাস আগে বিভিন্ন অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, গুলিবিদ্ধ অবস্থায় মো. সাজ্জাদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাতের চিহ্ন ছিল। আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।
নিহতের বড় ভাই ইমরান জানান, রাত ২টার দিকে পরিবারের কাছে ফোন আসে হাসপাতালে যেতে। সেখানে গিয়ে তারা সাজ্জাদের মরদেহ পান। তিনি বলেন, “আমি তখন বাসায় ছিলাম না। সাজ্জাদ কখন বের হয়েছিল তা মা জানেন। মা এখনো কথা বলার মতো অবস্থায় নেই।”
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে