ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে ৩ দিন ধরে দফায় দফায় সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ও সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ চলছে বলে জানান সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধর্মতীর্থ গ্রামের মো. খাদিমের কাছে এক লাখ টাকা সুদের পাওনা দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠিসোঁটা, দা, বল্লম ও ইটপাটকেল নিয়ে কালীকচ্ছ বাজার এলাকায় মুখোমুখি হয় দুই গ্রামের লোকজন। এই সংঘর্ষে বল্লমের আঘাতে নিহত হন ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়া (৫৫)। ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে তার লাশ দাফন করা হয়।
এরপর দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে, এবং এই সময় কালীকচ্ছ বাজারের একাধিক দোকান ও ঘরবাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়।
মঙ্গলবার সকালে নতুন করে আবার সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে ধর্মতীর্থ গ্রামের লোকজনের পক্ষে যোগ দেন আশপাশের আরও কয়েকটি গ্রামের বাসিন্দারা, আর পাল্টা অবস্থান নেন সূর্যকান্দি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ীরা। ফলে কালীকচ্ছ বাজার এলাকা আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং বেলা সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
এই ঘটনার জেরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
মতামত দিন