ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে যাত্রাবাড়ী থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা রূপগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার অন্তত ৫-৭ জন যাত্রী আহত হন।
পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জাহাঙ্গীরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় আহত অন্য একজনকে ঢামেকের ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওএসইসি) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে