লুডু খেলা নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বন্দেরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই এলাকার আবুল ইসলামের ছেলে ইয়াসিনের (১২) মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। একপর্যায়ে নিরবের লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে।
এ ঘটনার জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। পরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হামদু মিয়া নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মতামত দিন