Views Bangladesh Logo

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৌলাগড় হাওরে বজ্রপাতে ফরাস মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ফরাস মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। আহতরা হলেন— সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) ও হাফিজুর রহমান (৫৫)।

পুলিশ জানায়, সকালে ফরাস মিয়া তার ধানক্ষেত দেখতে হাওরে যান। একই সময় অন্যরা কৃষিকাজে সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা কাছাকাছি একটি ছনের ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। ঘটনাস্থলেই ফরাস মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সামছুল ইসলাম ও জায়েদ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য আবরোজ মিয়া জানান, হঠাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কৃষকরা ছনের ঘরে আশ্রয় নেন। পরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ