কুমিল্লায় অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীম শাহরিয়ার (১৩) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া। তিনি জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহজনকভাবে তুহিনকে আটক করা হয়েছে।
তবে তুহিনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা কী কারণে তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি চালান। পরে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। আটকের পর তুহিনকে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য বিষয় যাচাই করে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
মতামত দিন