Views Bangladesh Logo

অস্কার ২০২৬: ছয় পুরস্কার জিতে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আসর অস্কার–এর ৯৮তম আয়োজনে সেরা ছবির পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। একই সঙ্গে ছবিটির নির্মাতা পল টমাস অ্যান্ডারসন সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিনেমাটি।

রোববার (১৫ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এর ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ৯৮তম অস্কারের জমকালো আয়োজন। বাংলাদেশ সময় সোমবার ভোরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচন এর উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। ছবিটিতে বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ ও শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয় উঠে এসেছে। গুরুতর বিষয়বস্তু হলেও বিনোদনধর্মী ভঙ্গিতে গল্পটি তুলে ধরেছেন নির্মাতা।

সেরা ছবির দৌড়ে ছিল ১০ সিনেমা

৯৮তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে ১০টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং 'সিনার্স'। প্রথমটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, আর দ্বিতীয়টির সঙ্গে যুক্ত রয়েছেন রায়ান কুগলার।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা ছিল, সেরা ছবির লড়াই মূলত এই দুই সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর আগে ব্রিটিশ একাডেমি ও পরিচালক সমিতির পুরস্কার জিতে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ শক্ত অবস্থান তৈরি করেছিল। অন্যদিকে ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে নির্মিত ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

মনোনয়ন তালিকায় আরও ছিল বড় বাজেটের এফ ওয়ান দ্য মুভি, যেখানে অভিনয় করেছেন ব্র্যাড পিট। এছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও–এর হ্যামনেট এবং ইয়োর্গোস লান্থিমোস–এর বিজ্ঞানভিত্তিক থ্রিলার বুগোনিয়া নিয়েও ছিল আলোচনা।

তালিকায় আরও ছিল গুইলারমো দেল তোরো–এর পিরিয়ড হরর ফ্রাঙ্কেনস্টাইন, টিমোথি শ্যালামে অভিনীত জীবনীভিত্তিক ছবি মার্টি সুপ্রিম, ব্রাজিলের থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট, নির্মাতা জোয়াকিম ট্রিয়ার–এর সেন্টিমেন্টাল ভ্যালু এবং স্বল্প বাজেটের সিনেমা ট্রেন ড্রিমস।

শেষ পর্যন্ত সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেরা ছবির সোনালি ট্রফি জিতে নেয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একই সঙ্গে সেরা পরিচালকের পুরস্কারও পান পল টমাস অ্যান্ডারসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ