সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি নিহত, আহত ১২
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি নাগরিকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ বাংলাদেশি আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সৌদির আল-কারজ শহরের একটি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স সৌদি সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে মিসাইল আঘাত হানে। এতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন, যারা সবাই বাংলাদেশের নাগরিক। একটি মেইনটেনেন্স এবং ক্লিনিং কোম্পানির ভবনে এ হামলা হয় বলে জানা গেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড দাবি করেছে, তারা আল-খারজসহ সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে