এই দিনে মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল ‘আজ থেকে আমরা স্বাধীন’: জয়া আহসান
মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি, ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করেন।
পোস্টে তিনি লেখেন, ‘১৯৭১ সালের এই দিনে এদেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল—আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা।’
তিনি আরও উল্লেখ করেন, ‘নয় মাসব্যাপী সেই রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য মানুষের আত্মত্যাগ, সাহসিকতা এবং অদম্য স্বপ্নই এনে দিয়েছে স্বাধীনতার সূর্য।’ মুক্তিযুদ্ধ, অগণিত শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান এই অভিনেত্রী।
পোস্টের সঙ্গে সংযুক্ত একটি ছবিতে স্বাধীনতা দিবসের আবেগ ও চেতনাও ফুটে উঠেছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মন্তব্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে