বাংলাদেশিদের জন্য ফের ওয়ার্ক ভিসা চালু করবে ওমান
আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করার আশ্বাস দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ড. আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ করার বিষয়ে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশি দক্ষ কর্মী—যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের—ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়াতে সহযোগিতা চান তিনি।
এ ছাড়া অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান প্রবাসীকল্যাণ উপদেষ্টা।
জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত ও অনথিভুক্ত (আনডকুমেন্টেড) প্রবাসী কর্মীদের নিয়মিত করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই এবং প্রাক্-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় চলতি বছরের প্রথমার্ধে ওমানের রাজধানী মাসকাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বাড়াতে একটি চূড়ান্ত সমঝোতা স্মারক সইয়ের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে