৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেবে ওমান
৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার। সেই সঙ্গে বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে লোক নেয়ারও আশ্বাস ওমান দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (১১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। সম্প্রতি শ্রমবাজার ইস্যুতে দুবাই, ওমান ও কাতার সফর করেন তিনি।
ওমান সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওমানে ৯৬ হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদেরকে বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণের জন্য একটি জরিমানা নেয়া হয়। এই জরিমানা মওকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে।’
বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে লোক নেয়ার বিষয়ে শফিকুর রহমান চৌধুরী জানান, দেশটি দক্ষ কর্মী নিতে চায়।
তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সেই ব্যবস্থা নেয়া হবে।’
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, দুবাইয়ের শ্রমবাজার আরো গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। তার মধ্যে ৪০০ কর্মী চলে গেছেন এবং ৫০০ কর্মী যাওয়ার অপেক্ষায় আছেন।
মতামত দিন