রাষ্ট্রপতি নির্বাচন: কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র যাচাই করেন। এ সময় ১১ দলীয় জোটের নেতারা নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন। অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। একটি বৈধ হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র রোববার দুপুর ১২টায় যাচাই-বাছাই করার কথা রয়েছে। এবারের নির্বাচনে ইসিতে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে মির্জা ফখরুলের নামে একটি এবং অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র রয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর বৈধ প্রার্থী একাধিক থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। এবারের নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটেই চূড়ান্তভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ১১ দলীয় জোটের প্রার্থিতা আপাতত নিশ্চিত হলো। এখন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের বৈধতার সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।
মতামত দিন