লালমনিরহাটে রেললাইনে মাথা রেখে ঘুম, প্রাণ গেল বৃদ্ধের
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইনে মাথা রেখে ঘুমিয়ে পড়ায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট–বুড়িমারী রেলপথে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আইয়ুব আলী বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন ওই স্থান অতিক্রম করার সময় তিনি কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে