নতুন বাজেটে চলমান থাকবে বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা
বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং স্বামী নিগৃহীতা ভাতা আগের মতোই চলমান থাকবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট উপস্থাপন। গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের জন্যও এটি প্রথম বাজেট।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের মোট ব্যয়ের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধিত বাজেটে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। সে তুলনায় এবারের বাজেটে ব্যয় বাড়ছে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।
তবে বাজেটের আকার বাড়লেও সাধারণ মানুষের নিত্যপণ্যের বাজারে এর মিশ্র প্রভাব পড়তে পারে। বেশ কিছু পণ্যে উৎসে কর, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সারচার্জ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, ফলে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কিছু খাতে করছাড় ও ভর্তুকির সুবিধা দেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের মূল্য কমতে পারে।
কোন খাতে কর বাড়ছে, কোথায় ছাড় মিলছে এবং জীবনযাত্রার ব্যয়ে এর সামগ্রিক প্রভাব কী হবে — এই প্রশ্নগুলোই এখন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় জিজ্ঞাসা।

মতামত দিন