বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান পরিস্থিতিতে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে যাচ্ছে—এই খবর প্রকাশের পরই বাজারে অস্থিরতা দেখা দেয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মানদণ্ড জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়, যদিও পরে তা কিছুটা কমে আসে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং কূটনৈতিক আলোচনায় অচলাবস্থাকে এই মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস' জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড ইরানের বিরুদ্ধে 'সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী' হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে, যেখানে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করার পরিকল্পনাও রয়েছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই রুট কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। যুক্তরাজ্যে পেট্রলের গড় দাম এখন প্রতি লিটার ১৫৭ পেন্স, যা সংঘাত শুরুর আগের তুলনায় ২৪ পেন্স বেশি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি পরিবহন খরচের পাশাপাশি খাদ্য, বিদ্যুৎ ও বিমান ভাড়াও বাড়িয়ে দেবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে