জ্বালানি সংকটে কাল থেকে অফিস সকাল ৯টা–বিকেল ৪টা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বর্তমানে সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিদিন অফিস সময় এক ঘণ্টা কমে যাবে।
এ ছাড়া গত শুক্রবার (৩ এপ্রিল) থেকে সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ সমন্বিত সাশ্রয় পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির মাসিক জ্বালানি বরাদ্দ থেকে ৩০ শতাংশ কম নেবেন।
পাশাপাশি সরকারি কর্মকর্তাদের যানবাহন কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। সরকার-অর্থায়িত বিদেশ প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছে এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে