Views Bangladesh Logo

কমে যাচ্ছে কর্মঘণ্টা, বিয়েতে করা যাবে না আলোকসজ্জা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে অফিসের কর্মঘণ্টা কমানো, দোকানপাট ও শপিংমল দ্রুত বন্ধ করা এবং বিয়েবাড়িতে আলোকসজ্জা নিষিদ্ধ করা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি সব অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে—এসব প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া, প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিয়েবাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখতেও বলা হয়েছে, যাতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

জ্বালানি ব্যয় কমাতে আরও কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য সরকারি খাতে নতুন যানবাহন—স্থল, নৌ ও আকাশপথে—কোনোটিই কেনা হবে না। একইভাবে নতুন কম্পিউটার সামগ্রী কেনাও স্থগিত রাখা হয়েছে।

সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ আপাতত বন্ধ থাকবে এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

এছাড়া, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ পর্যন্ত কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণও কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী রোববার আলাদা নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ