কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত
কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এলাকায় লেগুনা স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবকের নাম জামিল হাসান অর্ণব (৩০)। তিনি শাসনগাছা মধ্যম পাড়ার আজহার উদ্দিন ছেলে এবং সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী।
আহতদের মধ্যে শাসনগাছা এলাকার নাজমুল হাসান (২৬) ও অনিক (২৮) নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকায় নেওয়া হচ্ছে। নিশু নামের আরেকজনের অবস্থা গুরুতর বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা জানায়, শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার দুপুরে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম প্রুপ ও শাসনগাছা মোল্লা বাড়ির রাব্বি আলাউদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর শহরতলি শাসনগাছা বাস টার্মিনালে অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে সরাসরি গুলি করে। পরে দুই গ্রুপের মধ্যে বড় আকারে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন সংবাদমাধ্যমকে জানান, শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মোল্লা বাড়ি এলাকা ও মধ্য পাড়ার লোকজনের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
তবে এ ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা নয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান। তিনি আরও জানান, এটি স্থানীয় মোল্লা বাড়ি ও দফাদার বাড়ির মধ্যে লেগুনায় ওঠা নিয়ে তর্কের জের থেকে শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
মতামত দিন