ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ওসিকে প্রত্যাহার
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে হেনস্তা ও মারধরের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে।
শুক্রবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে খুলশী থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নাঈমের ভাই বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।
মামলায় খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়। অভিযোগের পর অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
পরে নাঈমের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে সিএমপি। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সোনা চোরাচালান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানের প্রক্রিয়া, তথ্যের উৎস এবং পুলিশের আচরণ—সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন