জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জব্দ করা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ৩১ মার্চ ওসির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, জব্দ করা ঘোড়াগুলো গোপনে বিক্রি করা হয়েছে। স্থানীয় সূত্রে বলা হয়েছে, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতির সময় ৯টি ঘোড়া উদ্ধার করা হয়েছিল। পরে সেগুলো থানায় হেফাজতে রাখা হয়। এর মধ্যে একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়।
অভিযোগ অনুযায়ী, রোববার ভোরে ওসি খন্দকার নাসির উদ্দিন অবশিষ্ট ৮টি ঘোড়া গোপনে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। বিষয়টি সোমবার প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং ঘোড়াগুলো ফেরত এনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় বিক্রি করা হয়েছে। আগের ঘটনায় যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, তা নিরসনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ওসি খন্দকার নাসির উদ্দিন দাবি করেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি; সাময়িকভাবে একজনের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। পরে সেগুলো থানায় ফিরিয়ে এনে নিয়ম মেনে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে