পদ্মায় টহলরত নৌ পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ, ওসিসহ আহত ৫
পদ্মা নদীতে নিয়মিত টহল ডিউটি পালকালে পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) অন্তত পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে পাবনা সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নৌ পুলিশের একটি দল নৌকা নিয়ে পদ্মা নদীর কুষ্টিয়া অংশে টহল দিচ্ছিল। হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এই সংঘর্ষে নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হন।
আহত পুলিশ সদস্যরা হলেন—ফাঁড়ি ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম এবং পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। ঘটনার পরপরই তাঁদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ ব্যাপারে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান জানান, হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে