Views Bangladesh Logo

সিলেটের মাজার ওয়াকফ এস্টেট নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

সিলেট নগরের মোগলাবাজারের সিলাম ইউনিয়নে একটি মাজার ওয়াকফ এস্টেটের মসজিদ ও ৩৫ থেকে ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে সিলাম চকবাজার এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।

পুলিশ জানায়, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ নিয়ে সিলাম শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। শুক্রবার উভয় পক্ষের লোকজন মসজিদে নামাজ পড়তে এলে ওয়াকফ এস্টেট ও দোকানকোঠার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুই পক্ষের আরও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শেখপাড়া গ্রামের প্রবীণ মুরব্বি ও মসজিদের মোতাওয়াল্লী ফজলু মিয়া, শুয়েব আহমদ, আরিফুল হক রনি, লতিফুর রহমান মেহদি, শাহ আব্দুল মান্নান, শাহ আবুল ও শাহ সুমন রয়েছেন। তাঁদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের সময় চণ্ডিপুল-বালাগঞ্জ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, স্থানীয় নেতা ও মুরব্বিদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেটের (ইসি নং-১২৭৩৫) পরিচালনা নিয়ে বিরোধের সূত্রপাত আগে থেকেই। গত ২৯ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াকফ এস্টেটের প্রশাসক এক আদেশে এই ওয়াকফ এস্টেট পরিচালনার জন্য নয় সদস্যের একটি কমিটি অনুমোদন করেন।

কমিটিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহসভাপতি এবং ফজলু মিয়াকে মোতাওয়াল্লী করা হয়। আবেদ রাজা ও আহমদুর রহমান ছাদেককে যুগ্ম মোতাওয়াল্লী এবং মোয়াজ্জেম হোসেন লনি, লুৎফুর রহমান বাবু, আব্দুল মতিন শাহিন ও আব্দুস সামাদকে সদস্য করা হয়।

এই আদেশের বিরুদ্ধে শাহ আব্দুল মান্নান উচ্চ আদালতে রিট করেন। গত ১৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ রিটের শুনানি শেষে ওয়াকফ প্রশাসক অনুমোদিত কমিটি বহাল রাখেন। তবে সাময়িকভাবে মোতাওয়াল্লী ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে আবেদ রাজাকে মাজার ও মসজিদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।

মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ