Views Bangladesh Logo

সুনামগঞ্জে নারী শিল্পীর অংশগ্রহণে আপত্তি, বন্ধ হলো বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি ওঠায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে এ গানের আসর বসার কথা ছিল। সেখানে অন্য শিল্পীদের সঙ্গে নীলা ও তানিশা নামের দুই নারী শিল্পীর গান পরিবেশনের কথা ছিল। যুক্তরাজ্যপ্রবাসী স্থানীয় বাসিন্দা শওকত আলী অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন। কয়েক দিন ধরে এলাকায় অনুষ্ঠানটির প্রচারও চলছিল।

এর মধ্যে বুধবার দিরাই থানায় নারী শিল্পীদের গান পরিবেশনের বিষয়ে আপত্তি জানিয়ে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু।

আবেদনে বলা হয়, হাতিয়া গ্রাম দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। গ্রামে একটি আলিম মাদ্রাসা, একজন আল্লাহর ওলির মাজার এবং অনেক আলেম-ওলামার বসবাস রয়েছে।

আবেদনকারীরা জানান, আয়োজকদের প্রচার অনুযায়ী, অনুষ্ঠানে নারী শিল্পীদের দিয়ে গান পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছিল। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। এলাকার ধর্মীয় ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা ও সংঘাত এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা।

আয়োজক শওকত আলী বলেন, “বাউল গান নিয়ে আপত্তি নয়, নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন আবেদনকারীরা। আমরা আয়োজন বন্ধ করে দিয়েছি।”

অভিযোগকারী কামরুল হাসান মিটু বলেন, “আমাদের গ্রামটি ইসলামি ঐতিহ্যের। আমরা গ্রামে ইসলামি ঐতিহ্য অনুসারে গান-বাজনা হলে মুসলিম জনতা ক্ষুব্ধ হতে পারে। গ্রামের পরিস্থিতি খারাপ হতে পারে। তাই আমরা গান-বাজনা বন্ধ করার দাবি জানিয়েছি।”

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “নারী শিল্পীদের উপস্থিতি না চেয়ে দুজন আবেদন করেছেন। আয়োজক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি ভালো আছে।”

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ