মাদারীপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাড়ির সামনে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি দুর্ঘটনাবশত নাকি ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করা হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি সামনে-পেছনে নিরাপত্তা বহরের একাধিক গাড়ি নিয়ে বরিশালের দিকে যাচ্ছে। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে বাসের ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরা এসে পড়ে।
ঘটনার বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়েছে। সেটি অন্য কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং তদন্তের মাধ্যমেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বাসে করে বরিশালের উদ্দেশে রওনা হন। সকাল ১০টার কিছু আগে তিনি গৌরনদীর বাটাজোরে পৌঁছান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি সড়কপথে ঢাকা ফেরার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।
মতামত দিন