Views Bangladesh Logo

শপথ গ্রহণ কেবল একটা ফরমালিটি: ইশরাক হোসেন

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, মেয়র হিসেবে শপথ গ্রহণ কেবল একটি ফরমালিটি। শুক্রবার (২৩ মে) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ইশরাক তার পোস্টে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তার প্রধান দায়িত্ব হলো আসন্ন কোরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা। তিনি ঢাকাবাসীকে আশ্বস্ত করেন, উত্তর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন।

কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে একটি জোনভিত্তিক মনিটরিং টিম গঠনের অনুমোদন দেবেন বলে জানান তিনি।

ইশরাক আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তিনি নিজেও মাঠে থাকবেন এবং ১৬ ঘণ্টার মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেবেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো পদক্ষেপ না নেয়ায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।

এদিকে, ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ গত ১৩ মে একটি রিট দায়ের করেন। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট এই রিট সরাসরি খারিজ করে দেন।

এরপর বিকেলে কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে যোগ দেন ইশরাক। সেখানে তিনি অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, “হাইকোর্টের রায়ের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আমরা পর্যবেক্ষণ করব সরকার কী পদক্ষেপ নেয়। তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপের নির্দেশনা দেয়া হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ