Views Bangladesh Logo

অক্টোবরে বাজারে আসছে এনভিডিয়ার নতুন এআই কম্পিউটার ‘আরটিএক্স স্পার্ক’

 VB  Desk

ভিবি ডেস্ক

এআই প্রযুক্তিকে সরাসরি ব্যক্তিগত কম্পিউটারে পৌঁছে দিতে নতুন চিপ ‘আরটিএক্স স্পার্ক’ উন্মোচনের পর এবার বাজারে আনার সময় জানিয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, লেনোভো ও এসার আগামী অক্টোবরেই আরটিএক্স স্পার্ক চিপচালিত প্রথম উইন্ডোজ কম্পিউটার বাজারে আনবে।

আরটিএক্স স্পার্ক মূলত একটি ‘সুপারচিপ’, যাতে ব্ল্যাকওয়েল গ্রাফিকস প্রসেসর ও গ্রেস কেন্দ্রীয় প্রসেসর একসঙ্গে যুক্ত করা হয়েছে। চিপটি মিডিয়াটেকের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে এনভিডিয়া। গত জুনে মাইক্রোসফটের সঙ্গে অংশীদারত্বের অংশ হিসেবে চিপটি উন্মোচন করা হয়। এআই যুগে ব্যক্তিগত কম্পিউটিং ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই তিন বছর ধরে দুই প্রতিষ্ঠান এই প্রযুক্তি নিয়ে কাজ করেছে।

এনভিডিয়ার দাবি, আরটিএক্স স্পার্ক প্রতি সেকেন্ডে ১ পেটাফ্লপ পর্যন্ত এআই কার্যক্ষমতা দিতে পারে। এতে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট সমন্বিত মেমোরি ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা ১২ হাজার কোটি প্যারামিটারের বড় ভাষা মডেলও ইন্টারনেটভিত্তিক সার্ভারে না পাঠিয়ে সরাসরি কম্পিউটারে চালাতে পারবেন।

চিপটিতে রয়েছে ২০ কোরের আর্মভিত্তিক প্রসেসর এবং ব্ল্যাকওয়েল স্থাপত্যের ৬ হাজার ১৪৪টি কুডা কোরের গ্রাফিকস প্রসেসর। এনভিডিয়ার মতে, এর কার্যক্ষমতা ডেস্কটপ কম্পিউটারের আরটিএক্স ৫০৭০ শ্রেণির গ্রাফিকস কার্ডের কাছাকাছি।

শুধু এআই নয়, গেমিং ও পেশাদার কাজেও শক্তিশালী পারফরম্যান্স দেওয়ার দাবি করছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির ভাষ্য, আরটিএক্স স্পার্ক দিয়ে ১ হাজার ৪৪০ পিক্সেল রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ১০০টির বেশি ফ্রেমে বড় গেম চালানো যাবে। একই সঙ্গে ১২কে ৪:২:২ ভিডিও সম্পাদনা এবং ৯০ গিগাবাইটের বেশি আকারের ত্রিমাত্রিক দৃশ্য রেন্ডার করা সম্ভব হবে। এসব কাজ ব্যাটারিতেও চালানো যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে অ্যাডোবি এই চিপের জন্য ফটোশপ ও প্রিমিয়ারের মূল রেন্ডারিং ব্যবস্থা নতুন করে তৈরির কাজ করছে বলে জানা গেছে। এর ফলে কিছু কাজে আগের তুলনায় দ্বিগুণ পর্যন্ত গতি পাওয়া যেতে পারে।

ব্যক্তিগত কম্পিউটারে এআই সহকারী বা স্বয়ংক্রিয় এজেন্ট ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে আরটিএক্স স্পার্কে। ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে সক্ষম এসব এআই এজেন্ট যাতে নিরাপদে ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণের মধ্যে কাজ করে, সে জন্য এনভিডিয়া ও মাইক্রোসফট নতুন নিরাপত্তাব্যবস্থা তৈরি করছে। এতে উইন্ডোজের নিরাপত্তা কাঠামোর পাশাপাশি এনভিডিয়ার ‘ওপেনশেল’ প্রযুক্তি থাকবে। হারমিস এজেন্ট ও ওপেনক্ল-সহ তৃতীয় পক্ষের কয়েকটি এআই এজেন্ট ইতিমধ্যে এই প্রযুক্তি গ্রহণ করছে বলে জানিয়েছে এনভিডিয়া।

ক্লাউডনির্ভর এআই সেবার খরচ কমানো, তথ্যের গোপনীয়তা বাড়ানো এবং দ্রুত সাড়া পাওয়ার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ব্যক্তিগত ডিভাইসেই এআই প্রক্রিয়াকরণের দিকে ঝুঁকছে। তবে বেশি দাম এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য বাস্তব সুবিধা কতটা, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে এখনো সংশয় রয়েছে।

লেনোভো ও এসারের পাশাপাশি আসুস, ডেল, এইচপি, এমএসআই এবং মাইক্রোসফট সারফেসও এ বছরের শেষ নাগাদ আরটিএক্স স্পার্কচালিত কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করছে। শরৎ মৌসুমে অন্তত আটটি ডিভাইস বাজারে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ আল্ট্রা, ডেল এক্সপিএস ১৬ ক্রিয়েটর এডিশন এবং আসুস প্রোআর্ট পি১৪ ও পি১৬।

এনভিডিয়ার তথ্য অনুযায়ী, বিভিন্ন নির্মাতার ৩০টির বেশি ল্যাপটপ ও প্রায় ১০টি ডেস্কটপ কম্পিউটার আরটিএক্স স্পার্ক চিপ নিয়ে বাজারে আসার প্রস্তুতিতে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ