শিডিউল জটিলতায় ‘ট্রাইব্যুনাল’ ছাড়ছেন নুসরাত ফারিয়া
শুটিংয়ের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা ও শিডিউল জটিলতার কারণে নির্মাতা রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। তবে ফারিয়ার এই সিদ্ধান্ত সম্পর্কে এখনো তাঁকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা রায়হান খান।
চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার আলোচিত ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ৯ ডিসেম্বর নিজের চলচ্চিত্র ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষে সিনেমাটির ঘোষণা দেন রায়হান খান। তখন চলতি বছরের কোনো একটি ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা ছিল।
তবে ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির বড় একটি অংশের শুটিং এখনো শেষ হয়নি। বিশেষ করে ফারিয়ার অংশের দৃশ্য ধারণও বাকি রয়েছে। শুটিংয়ের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নিজের অন্যান্য কাজের সঙ্গে সময় মেলাতে পারছেন না বলে জানিয়েছেন ফারিয়া। এ কারণেই শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া জানান, ‘ট্রাইব্যুনাল’-এর চরিত্রটি তাঁর কাছে বেশ পছন্দের ছিল এবং এ সিনেমায় অভিনয় করার জন্য তিনি আগ্রহীও ছিলেন। কিন্তু শুটিং কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি শিডিউলসহ আরও কিছু বিষয়ে সমন্বয় করা সম্ভব হচ্ছিল না। তবে বিষয়টি নিয়ে কোনো বড় ধরনের সমস্যা বা বিরোধ তৈরি হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।
এদিকে ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে নির্মাতা রায়হান খান বলেন, সিনেমাটি না করার বিষয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো মাধ্যমেই অভিনেত্রীর পক্ষ থেকে তাঁকে বিষয়টি জানানো হয়নি। ফলে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি।
‘ট্রাইব্যুনাল’ নিয়ে আরও কিছু জটিলতাও রয়েছে। সিনেমাটির সঙ্গে যুক্ত তানিয়া বৃষ্টি বর্তমানে অসুস্থতার কারণে শুটিংয়ে অংশ নেওয়ার অবস্থায় নেই। অন্যদিকে প্রথমবার মা হওয়ার অপেক্ষায় থাকায় মৌসুমী হামিদও এখন শুটিংয়ের জন্য প্রস্তুত নন। তাঁদের জন্য অপেক্ষা করছেন নির্মাতা। পাশাপাশি স্বাধীনভাবে নির্মিত সিনেমাটির বাজেট নিয়েও কিছু অনিশ্চয়তা রয়েছে। সব সমস্যা কাটিয়ে উঠতে পারলে চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু করার আশা করছেন রায়হান খান।
মতামত দিন