এক দফা দাবিতে ৪ ঘণ্টার কর্মবিরতিতে নার্সরা
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন নার্সরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা চলবে এই কর্মবিরতি। তবে বুধবার তারা ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন।
তবে জরুরি বিভাগ, ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ এ কর্মসূচির বাইরে থাকবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন নার্সরা।
৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সারাদেশে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়।
নার্সিং ও মিডওয়াইফারি রিফর্ম কাউন্সিলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বলেন, অধিদপ্তরের একজন পরিচালককে অধিদপ্তর থেকে প্রত্যাহার করে ওই পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এ অবস্থায় আমাদের এক দফা দাবি পূরণে আবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে