Views Bangladesh Logo

নুরের হুমকির ভিডিও: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

ণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পুলিশের বিরুদ্ধে হুমকিস্বরূপ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (২৪ মে) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গত ২২ মে একটি গণজমায়েতে নুর বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে— ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনও নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে।’

বিবৃতিতে পুলিশের প্রতি এমন হুমকিকে ‘গ্রহণযোগ্য নয় এবং ফৌজদারি অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য অংশ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় সচেষ্ট থেকে দায়িত্ব পালন করে আসছে।’

অ্যাসোসিয়েশনের মতে, নুরের এমন বক্তব্য বাহিনীর মনোবল ভাঙার অপচেষ্টা এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি কৌশল। তারা মনে করে, ‘বিশেষ মহলের স্বার্থসিদ্ধির জন্য পরিকল্পিতভাবে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যা জনশৃঙ্খলা বিনষ্টের লক্ষ্যে করা হয়ে থাকতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ধরনের উসকানিমূলক ও শৃঙ্খলাবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এমন বিদ্বেষমূলক বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং শান্তি বিঘ্নিত করবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ