Views Bangladesh Logo

সরকারবিরোধী প্রচারণা ঠেকাতে সক্ষমতা বাড়াচ্ছে এনটিএমসি

সরকারবিরোধী প্রচারণা ঠেকাতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত কন্টেন্ট বা আধেয় ব্লক ও ফিল্টার করার সক্ষমতা বাড়াতে যাচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি)।


বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনটিএমসির জন্য ‘এক্সপানশন অব কন্টেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম (ফেজ-১)’-এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

এর জন্য বিভিন্ন দেশের পণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র সঙ্গে চুক্তির আওতায় ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকা খরচ হবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে এই চুক্তির আওতায় এনটিএমসি কী পণ্য বা যন্ত্র কিনবে তার বিস্তারিত তুলে ধরা হয়নি।

কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং সিস্টেমের আওতায় রাষ্ট্র ও সরকারবিরোধী প্রচারণা রোধের কাজ সংস্থাটি তার প্রতিষ্ঠার পর থেকেই করে আসছে। ২০১৯ সালে এনটিএমসির সংবাদ বিজ্ঞপ্তির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, সংস্থাটি সরকারবিরোধী প্রচারণাসহ ইন্টারনেটে বেআইনি কন্টেন্ট ব্লক করতে সক্ষম হবে।

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় নজরদারি কাঠামোর মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত জীবনে আড়িপাতার অভিযোগ ওঠে এনটিএমসির বিরুদ্ধে।

আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার এনটিএমসি বিলুপ্ত করার উদ্যোগ নেয়। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ২৪ ডিসেম্বর এনটিএমসি বিলুপ্ত করে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট (সিআইএস)’ নামে নতুন সংস্থা গঠনের প্রস্তাব রেখে টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দেয়।

তবে দুই মাসেরও কম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে বিদায় নিলে সেই উদ্যোগ আর এগোয়নি। প্রাতিষ্ঠানিক সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ পাস করেছিল, ক্ষমতায় আসা বিএনপি সরকার সেগুলো সংসদে পাস করা থেকে বিরত থাকে। ফলে এনটিএমসি বিলুপ্তি-সংক্রান্ত আলোচনাও স্তিমিত হয়ে পড়ে।

এর মধ্যেই সংস্থাটির সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্র কেনার অনুমোদনের তথ্য সামনে এল।

একই সভায় এক কোটি লিটার করে পরিশোধিত রাইস ব্র্যান তেল ও পাম অলিন (দুই লিটার বোতলে) এবং ২০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও অনুমোদিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ