Views Bangladesh Logo

দুই সপ্তাহের বকেয়া মজুরি পেয়েছেন এনটিসির চা শ্রমিকরা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানসহ ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা বকেয়া ৬ সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মজুরি পেয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাধবপুর চা বাগানের এক হাজার ১৫০ জনকে দুই সপ্তাহের তলব (মজুরি) দেয়া হয়।

ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান মুন্না এ তথ্য নিশি।চত করেছেন।

গত সপ্তাহে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বুধবার সাপ্তাহিক মজুরি দেয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক টাকা দিতে না পারায় মজুরি দিতে ব্যর্থ হয় বাগান কর্তৃপক্ষ।

১ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রম অধিদফতর কার্যালয়ে চা শ্রমিকদের শীর্ষ পর্যায়ের নেতা ও ন্যাশনাল টি কোম্পানির কর্তৃপক্ষের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান, এনটিসি-এর মহাব্যবস্থাপক এমদাদুল হক, ডিডিএল নাহিদুল ইসলাম এবং চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল, সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরিসহ অনেকে।

বৈঠকে ৫ ডিসেম্বর কাজে যোগ দেওয়ার প্রথম দিন শ্রমিকদের ২ সপ্তাহের বকেয়া মজুরি দেওয়া, মাসিক বেতনধারী শ্রমিকদের ১ মাসের বেতন দেওয়া, শ্রমিক-কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধ, বাগানের কর্মচারীদের ২০ ডিসেম্বরের মধ্যে ১ মাসের বেতন দেয়া, বাগান বন্ধের দিনগুলোতে চা শ্রমিকদের রেশন কর্তন না করা, বোনাস ও বার্ষিক ছুটির দিন গণনার ক্ষেত্রে বাগান বন্ধের দিনগুলো অনুপস্থিত না দেখানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

এছাড়া অবশিষ্ট বকেয়া মজুরি আগামী ২০২৫ সালের মার্চ এর মধ্যে পরিশোধ করা হবে। একইসঙ্গে ২০২৫ সালের ৭ এপ্রিলের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদা পরিশোধ করা হবে। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল টি বাগানের শ্রমিকরা ৫ ডিসেম্বর বৃহস্পতিবার কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ