কামরাঙ্গীরচরে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস
ঢাকার কামরাঙ্গীরচরে একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সব প্রস্তুতি শেষ হওয়ার পর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালায়। তবে এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় কিছু ব্যক্তি ফেসবুকে আপত্তি জানান। বিষয়টি গড়ায় থানায়, যার পর রেস্টুরেন্ট মালিকপক্ষ অপু বিশ্বাসকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনা বাতিল করে।
আজ ( বুধবার ২৯ জানুয়ারি ) সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাসের উপস্থিতির খবর জানতে পেরে স্থানীয় কিছু হুজুর ফেসবুকে প্রতিবাদ করেন। তাদের দাবি ছিল, অপু বিশ্বাসকে আনলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এলাকায় দুই শতাধিক মাদ্রাসা থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়। পরে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট মালিকপক্ষ অপু বিশ্বাসকে আনবেন না বলে সিদ্ধান্ত নেয় এবং নিজেরাই উদ্বোধন সম্পন্ন করেন।
এদিকে, রেস্টুরেন্ট উদ্বোধন করতে না পারলেও গতকাল (মঙ্গলবার) কেরানীগঞ্জে একটি শোরুম উদ্বোধন করেছেন অপু বিশ্বাস।
এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও চিত্রনায়িকা পরীমনি টাঙ্গাইলে এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন।
জানা গেছে, কামরাঙ্গীরচরের ‘সোনার থালা’ নামের ওই রেস্টুরেন্টটি গতকাল দুপুর ৩টায় উদ্বোধনের কথা ছিল, যেখানে অপু বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে আপত্তির মুখে মালিকপক্ষ শেষ পর্যন্ত নিজেদের মতো করেই উদ্বোধন করেন।
মতামত দিন