নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মা নিখোঁজ, সন্ধান কামনা
নতুন কুঁড়ি স্পোর্টসের বালিকাদের ফুটবলে ‘ফাইনালসেরা’ হওয়া রংপুরের কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর মা নিখোঁজ রয়েছেন। মায়ের কোনো খোঁজ না পেয়ে দেশবাসীর কাছে তার সন্ধান চেয়েছেন স্মৃতি।
সম্প্রতি একটি টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে, একটি মোবাইল ফোন না থাকায় প্রায় তিন মাস ধরে মায়ের সঙ্গে কথা বলতে পারছিলেন না স্মৃতি। নতুন কুঁড়ির শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে গ্রামের বাড়িতে ফিরলেও সেখানে মাকে পাননি তিনি। পরে জানতে পারেন, তার মা মাতি মাই হেমরন কাজের সন্ধানে ঢাকায় এসেছেন। তবে তার কাছে কোনো মোবাইল ফোন না থাকায় যোগাযোগও সম্ভব হচ্ছে না।
রংপুরের পীরগঞ্জ উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা স্মৃতি কিসকু অত্যন্ত সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। স্বামী সোবহান হাসদার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তার মা। পরিবারের অভাব-অনটন দূর করতে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করে মেয়ের স্বপ্ন পূরণে পাশে ছিলেন তিনি।
ফুটবলে সাফল্য পাওয়ার পর এখন মায়ের অনুপস্থিতিতে উদ্বিগ্ন স্মৃতি। তিনি জানতে চান, তার মা কোথায় আছেন এবং কেমন আছেন। তাই মায়ের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন এই উদীয়মান ফুটবলার।
মতামত দিন