Views Bangladesh Logo

নটর ডেম কলেজে অলীন বাসারের ‘আয়নার ওপাশে’ উপন্যাসের মোড়ক উন্মোচন

রাজধানীর নটর ডেম কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবের আবহ। কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অলীন বাসারের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে শিক্ষক, সহপাঠী ও অতিথিদের উপস্থিতিতে আয়োজন করা হয় এক আনন্দঘন প্রকাশনা অনুষ্ঠান।

মাত্র ১৭ বছর বয়সেই অলীন বাসারের প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে। যে বয়সে সহপাঠীরা অন্যের লেখা গল্পে ডুবে থাকে, সে বয়সেই নিজের লেখনীতে পাঠকের আগ্রহ কাড়ছেন তিনি। এ অর্জনে গর্বিত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও।

কলেজের উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে নতুন উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.। প্রচ্ছদ এঁকেছেন প্রসূন হালদার। প্রকাশনা উৎসবের আয়োজন করে নটর ডেম লেখককুঞ্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোটবেলা থেকেই অলীনের লেখায় অনন্য কল্পনাশক্তি, সূক্ষ্ম পর্যবেক্ষণ ও সৃজনশীলতার ছাপ স্পষ্ট। ‘আয়নার ওপাশে’ উপন্যাসেও তিনি যথেষ্ট পরিপক্বতা ও মুন্সিয়ানা দেখিয়েছেন।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাদার আন্তনী সুশান্ত গমেজ, সিএসসি বলেন, বর্তমান বিশ্বে ভালোবাসা ও মানবিকতার চর্চা অত্যন্ত প্রয়োজন। তিনি ভালোবাসা, গল্প, কবিতা ও প্রবন্ধের মাধ্যমে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বাংলা বিভাগের শিক্ষক মারলিন ক্লারা পিনেরো বলেন, সাহিত্য রচয়িতারা বিশেষ সৃষ্টিশীল ক্ষমতার অধিকারী। অলীনের লেখায় সেই সম্ভাবনার স্পষ্ট প্রকাশ ঘটেছে।

এ ছাড়া রণজিৎ কুমার নাথ, ফাদার আন্তনী প্রণয় গমেজ, সিএসসি-সহ অন্যান্য শিক্ষকরা আলোচনায় অংশ নেন এবং অলীনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নটর ডেম লেখককুঞ্জের মডারেটর ও বাংলা বিভাগের প্রধান মো. শহিদুল হাসান পাঠান।

অতিথি হিসেবে উপস্থিত শিশু সাহিত্যিক দন্ত্যস রওশন বলেন, অলীন এমন শব্দচয়ন ও বাক্যগঠনে উপন্যাস লিখেছেন, যা তার বয়সের তুলনায় বিস্ময়কর। কথাসাহিত্যিক মোজাফফর হোসেন বলেন, একদিন এই ক্যাম্পাস অলীনকে নিয়ে আরও বড় পরিসরে গর্ব করবে।

প্রকাশকের পক্ষ থেকে লিটু খান জানান, লেখার মান, উপস্থাপন ও কাহিনির নতুনত্ব যাচাই-বাছাই করেই বইটি প্রকাশ করা হয়েছে। নটর ডেম কলেজের শিক্ষার্থীদের জন্য বইটিতে ৪০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেন তিনি।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ
‘আয়নার ওপাশে’ উপন্যাসের কেন্দ্রে রয়েছে সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য এক মায়ের নীরব সংগ্রাম। রঞ্জুর বাবার আকস্মিক আবির্ভাব এবং রঞ্জুর অস্বাভাবিক আচরণ গল্পে আনে নাটকীয় মোড়। আয়নার সামনে দাঁড়িয়ে রঞ্জু মুখোমুখি হয় এক ভয়াল রহস্যের—যেখানে বিশ্বাস, ভয়, দ্বিধা ও অদৃশ্য বিপদের ছায়া জড়িয়ে আছে একই সূত্রে। বাস্তবতা ও অলৌকিকতার মিশেলে রচিত এই উপন্যাস শিশু-কিশোর থেকে রোমাঞ্চপ্রেমী সব বয়সী পাঠকের মন ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

লেখক পরিচিতি
৮ জ্যৈষ্ঠ ১৪১৫ বঙ্গাব্দ (২২ মে ২০০৮) সাতক্ষীরায় জন্ম অলীন বাসারের। ২০১৫ সালে প্রথম শ্রেণিতে পড়াকালেই প্রকাশিত হয় তার প্রথম বই। বর্তমানে তিনি নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।


তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে—‘আয়নার ওপাশে’, ‘ধর্মব্যাধি’, ‘বল্টুদের দেয়াল ঘড়ি’, ‘নীলরত্নের রাজ্যে মিনু’, ‘চক্র’, ‘পেটুক শিয়াল’, ‘কালো ঘোড়া’, ‘বাঘের গর্জন’, ‘বিড়াল পণ্ডিত’, ‘গোরস্তানে বিয়ে’, ‘পালোয়ানের হার’, ‘ভূতের টিউশনি’, ‘ভুতুম’, ‘ভুতুড়ে’ ও ‘অন্ধকারে ভূতের ছায়া’।

বই: আয়নার ওপাশে
লেখক: অলীন বাসার
প্রকাশনা: পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
প্রচ্ছদ: প্রসূন হালদার
মূল্য: ৫০০ টাকা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ