ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে হাইতি। হাইপ্রোফাইল এই মহারণের আগে হাইতির প্রধান কোচ সেবাস্তিয়ান মিগনে জানিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে তাদের হারানোর কিছু নেই, বরং পাওয়ার মতো সবকিছুই আছে।
দীর্ঘ ৫২ বছর পর অর্থাৎ ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে ফিরেছে ক্যারিবীয় দেশ হাইতি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে চলতি বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। ওই ম্যাচে প্রথমার্ধে জন ম্যাকগিনের করা গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে ম্যাচের ৮৫ মিনিটে হাইতির ফরোয়ার্ড ফ্র্যান্টজডি পিয়েরটের একটি জোরালো হেড গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় দলটির।
ব্রাজিল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হাইতি কোচ দলের সামনে থাকা কঠিন চ্যালেঞ্জের কথা অকপটে স্বীকার করেন। তবে সেই সাথে দলের লড়াইয়ের মানসিকতার ওপরও জোর দেন তিনি।
মিগনে বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমাদের স্কটল্যান্ড ম্যাচের চেয়েও অনেক বেশি দৌড়াতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। মাঠের লড়াইয়ে এমন বড় দলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার মতো সবকিছুই আছে।’
তিনি আরও যোগ করেন, দীর্ঘ ৫২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করাটাই হাইতির জন্য একটি বড় প্রাপ্তি। এখন তাদের মূল লক্ষ্য বিশ্বমানের এই প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের গর্বিত করা।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে আসতে পারাটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমি আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে আমরা হাইতির মানুষকে গর্বিত করতে পারব।’
মতামত দিন