Views Bangladesh Logo

যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে দাবি করেছেন ওই নেতা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের বাড়ির সামনে এসব জিনিস পাওয়া যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হলে তিনি দ্রুত ফিরে আসেন। পরে স্থানীয় দলীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে একটি শপিং ব্যাগ খুললে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

মোবারক হোসেনের দাবি, চিরকুটে তাকে গালাগালির পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে প্রার্থী না হওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় মাধবদী থানায় অভিযোগ করেছেন জানিয়ে মোবারক হোসেন বলেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারা এসব করেছে, তা তিনি জানেন না। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের ভিড় দেখা যায়। আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুটের মাধ্যমে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। সেখানে পাওয়া আলামতগুলো থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ