মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা বোঝেন কি না, নিশ্চিত নন শশী থারুর
ভারতীয় লোকসভার কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা তিনি ‘নিশ্চিত নন’৷
বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মমতার পরামর্শের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি বলেন, ‘বহু বছর ধরে আমি জাতিসংঘ শান্তিরক্ষায় কাজ করেছি। জাতিসংঘের শান্তিরক্ষীদের খুব কমই কোনো দেশে পাঠানো হয়, শুধুমাত্র দেশটির অনুরোধ ছাড়া’।
পিটিআই-কে শশী থারুর বলেন, ‘যখন একটি দেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয় এবং দেশটির সরকারকে তাদের অনুরোধ জানাতে হয়’।
‘কিন্তু আমি পুরোপুরি একমত যে, বাংলাদেশে কী ঘটছে, তার উপর আমাদের নজর রাখতে হবে’।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় বক্তৃতাকালে সোমবার (২ ডিসেম্বর) পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান মমতা।
মঙ্গলবার লোকসভা অধিবেশনেও বিষয়টি উত্থাপন করেন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি আবারও আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘকে অবিলম্বে প্রতিবেশী দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলুন’।
সুদীপ অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ‘নির্যাতন ও হত্যা’ করা হচ্ছে। অথচ ভারত সরকার এখন পর্যন্ত এ বিষয়ে নীরবতা বজায় রেখেছে।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এ বিষয়ক সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে লোকসভাকে অবহিত করতেও বলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে