শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
ঈদুল ফিতরের আগে দেশের শ্রমিকদের শুধু বেতনই নয়, শতভাগ বোনাসও পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারের সহায়তায় প্রায় আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যার ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা আগেভাগেই বেতন-ভাতা পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সিলেট নগরের শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, সরকারের সদিচ্ছার কারণেই শ্রমিকদের বেতন-বোনাস সম্পূর্ণ পরিশোধ সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এবার নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে থাকায় দেশে প্রথমবারের মতো ঈদের আগে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর কাজও ঈদের পর শুরু হবে বলে জানান তিনি।
বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের শ্রমিকদের পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণেও কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময়েও প্রবাসীদের পাশে থাকার কথা উল্লেখ করেন তিনি।
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, সরকার, প্রশাসন এবং পরিবহন খাত সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এবারের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যে অস্থিরতার সুযোগে কিছু দুষ্কৃতিকারী প্রবাসীদের জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করছে—এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিবারগুলোকে সতর্ক করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, বিদেশগামী শ্রমিকদের দক্ষতা বাড়াতে ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম আগামী মাস থেকে শুরু হবে। দালালচক্রের প্রতারণা রোধেও সরকার পদক্ষেপ নিচ্ছে।
প্রসঙ্গত, সিলেটের শাহী ঈদগাহ ময়দানে প্রতি বছরের মতো এবারও সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে