শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শুধু ১৪০ কোটি নয়, দক্ষিণ এশিয়ার ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়েই এগোতে হবে। আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় পরিচয়কে শক্তিশালী করার মধ্য দিয়েই একটি কার্যকর ভবিষ্যৎ গড়া সম্ভব।
শনিবার (১৩ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যারা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে এবং দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলেন, তাদের ভাষা এক হলেও চিন্তাধারায় পার্থক্য রয়েছে। বাংলাদেশের জনগণ নৃতাত্ত্বিকভাবে আলাদা পরিচয়ের অধিকারী এবং সেই পরিচয়কে শক্তিশালী করা জরুরি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দর্শন, যা জাতীয় পরিচয় গঠনে ভূমিকা রেখেছে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর জনগণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
সভায় তিনি বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু মহল বিভ্রান্তি সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

মতামত দিন