মার্কিন দূতের আগমনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘চাপ অনুভব করছি না’
মার্কিন দূতের আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থভিত্তিক। কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানেই অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজনের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছি—আমরা কখনও সেটা করব না। এটা তো স্ত্রী ও সতিনের মধ্যে মারামারি নয়। এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক, যেখানে আমাদের স্বার্থ, আমরা সেখানে যাব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কূটনীতিতে আন্দাজের ভিত্তিতে নয়, বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।
চীন সফর অত্যন্ত সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফর হলে সেটিও ইতিবাচক হবে বলে সরকার আশা করছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ চলছে। শিগগিরই একজন মার্কিন দূত বাংলাদেশ সফরে আসবেন এবং এসব কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
মার্কিন দূতের আগমন ঘিরে কোনো চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না।’
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার সঙ্গে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিশেষ কোনো ইস্যুতে আলোচনা না হলেও ভবিষ্যতে বিদ্যমান দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে কাজ করবে দুই দেশ।
সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে বলেও জানান খলিলুর রহমান।
মতামত দিন