Views Bangladesh Logo

৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে দমকা হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।

এদিকে, পৃথক এক সতর্কবার্তায় বলা হয়েছে—উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়ে তা কিছু সময় স্থায়ী হতে পারে। এর প্রভাবে ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪–৮৮ মিমি) থেকে অতি ভারী (১৮৮ মিমি পর্যন্ত) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

সকালের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ অবস্থায় পাঁচ বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর দেশের অন্যান্য স্থানে সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও সারাদেশে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ